কাপাসিয়ায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

গাজীপুরের কাপাসিয়ায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার সকালে উপজেলার তরগাঁও ইউনিয়নের সাফাইশ্রী ঘাট সংলগ্ন এলাকায় সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

তিনি জানান, অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে তরগাঁও গ্রামের আমিনুল ইসলামকে (৫০) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি এসকেভেটর জব্দ করা হয়েছে।

নাহিদুল হক আরও জানান, অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। 

ওই ব্যক্তি কাছ থেকে এক লাখ টাকা আদায় করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।