২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু

স্টার অনলাইন রিপোর্ট

দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে।

এর মধ্যে দুই শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)। বাকি পাঁচ শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে।

এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩২৪।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বার্তায় এ তথ্য জানানো হয়। এই পরিসংখ্যান মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।  

এর আগের দিন ৬ শিশু মারা গিয়েছিল।

ডিজিএইচএসের হিসাব অনুযায়ী হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২৬৮ জন।

একই সময়ে ৩৭৩টি নতুন নিশ্চিত সংক্রমণ শনাক্ত হয়েছে। ফলে হামে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯৯ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ডিজিএইচএস হামের উপসর্গ নিয়ে নতুন ১ হাজার ২৮১ শিশুর সংক্রমণ রেকর্ড করেছে।

এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ২৬০ জনে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে মৃত্যুর দুই ঘটনাই চট্টগ্রাম বিভাগের। উপসর্গ নিয়ে মারা যাওয়াদের মধ্যে দুজন রাজশাহী এবং সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের আছে একজন করে শিশু।