ট্রাম্পের ‘ঘৃণামূলক বক্তব্য’ মানবাধিকার লঙ্ঘন উসকে দিচ্ছে: জাতিসংঘের পর্যবেক্ষক সংস্থা

স্টার অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ কিছু রাজনৈতিক নেতার বর্ণবাদী ঘৃণামূলক বক্তব্য গুরুতর মানবাধিকার লঙ্ঘনকে উসকে দিচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের একটি পর্যবেক্ষক সংস্থা।

আজ বুধবার বার্তা সংস্থা এএফপি জানায়, জাতিসংঘের বর্ণবৈষম্য নির্মূলবিষয়ক কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অভিবাসী, শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের লক্ষ্য করে বাড়তে থাকা ‘বর্ণবাদী ঘৃণামূলক বক্তব্য’, ‘অপমানজনক ও অমানবিক ভাষা’ ব্যবহার এবং নেতিবাচক ধারণা ছড়িয়ে দেওয়ার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন।

কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তিত্বরা—বিশেষ করে প্রেসিডেন্ট এই গোষ্ঠীগুলোকে ‘অপরাধী অথবা বোঝা’ হিসেবে উপস্থাপন করেছেন।

এ ধরনের বক্তব্য সমাজে ‘অসহিষ্ণুতা বাড়ায় এবং বর্ণবৈষম্য ও ঘৃণাজনিত অপরাধ উসকে দিতে পারে’ বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।