ইরানের হুমকির পর সরিয়ে নেওয়া হচ্ছে মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কর্মীদের

স্টার অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে হামলার হুমকি দেওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের দুবাইসহ মধ্যপ্রাচ্যে   অফিস খালি করার নির্দেশ দিয়েছে কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। 

বিভিন্ন সূত্রের বরাতে বার্তাসংস্থা এএফপি আজ বুধবার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন আর্থিক সেবা প্রতিষ্ঠান সিটি ইতোমধ্যে দুবাই ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সেন্টার ও উদ মেথা এলাকায় তাদের অফিস থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান ডেলয়েটও বুধবার বিকেলে দুবাই ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সেন্টারে তাদের অফিস থেকে কর্মীদের বের হয়ে যাওয়ার নির্দেশ দেয়। 

একটি সূত্রের বরাতে এএফপি জানায়, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে ডেলয়েট।

এছাড়া ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান প্রাইসওয়াটারহাউসকুপার্স (পিডব্লিউসি)ও নিরাপত্তা ঝুঁকির কারণে সংযুক্ত আরব আমিরাতসহ সৌদি আরব, কাতার ও কুয়েতে তাদের অফিস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

বিশ্বব্যাপী শীর্ষ চার অ্যাকাউন্টিং ফার্মের একটি পিডব্লিউসি। নিরীক্ষা, নিশ্চয়তা, কর ও পরামর্শ সেবা প্রদানে বিশেষজ্ঞ এটি।

এর আগে, তেহরানে ইরানের অন্যতম বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক সেপাহর একটি প্রশাসনিক ভবনে মঙ্গলবার বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ব্যাংকের কয়েকজন কর্মী নিহত হন।

পরে ইরানের সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে হামলার লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দেয়।