যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ছাড়া বাকি সবার জন্য খোলা হরমুজ প্রণালি: ইরান

স্টার অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ছাড়া বাকি সবার জন্য হরমুজ প্রণালি খোলা আছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

লন্ডনভিত্তিক আরব দৈনিক আল-আরাবি আল-জাদিদকে দেওয়া আরাঘচির সাক্ষাৎকারের বরাতে আজ রোববার এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি। 

হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়ে জানতে চাইলে আরাঘচি বলেন, ‘গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করা হয়নি। এটি সাধারণত বন্ধ থাকে না। কিন্তু যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য এটি বন্ধ।’

যতদিন ইরানে হামলা চলবে ততদিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য এই নীতি বজায় থাকবে বলেও সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। 

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। এর জেরে ৩ মার্চ পাল্টা আঘাতের অংশ হিসেবে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয় ইরান। সে সময় ওই পথ দিয়ে কোনো জাহাজ চলাচল করলে তা জ্বালিয়ে দেওয়ারও হুমকি দেয় দেশটির বিপ্লবী রক্ষী বাহিনী। 

পরবর্তীতে দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা আলি খামেনিও তার প্রথম ভাষণে হরমুজ প্রণালি বন্ধ রাখতে বলেন। 

পারস্য ও ওমান উপসাগরের মধ্যে যোগাযোগ সৃষ্টিকারী এই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক পঞ্চমাংশ জ্বালানি তেল পরিবহন হয়। 

ইরান যুদ্ধের জেরে এই প্রণালি বন্ধ হয়ে গেলে সরবরাহ ব্যাপক মাত্রায় ব্যাহত হয় এবং বিশ্বব্যাপী বাড়তে থাকে জ্বালানি তেলের দাম।