ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৩ সেনা নিহত, আহত বেড়ে ২০০

স্টার অনলাইন ডেস্ক

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। এমন পরিস্থিতিতে গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, এই যুদ্ধে আহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে প্রায় ২০০ জনে দাঁড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, আহতদের বড় অংশই সামান্য আঘাত পেয়েছেন। তাদের মধ্যে ১৮০ জন এরইমধ্যে তাদের দায়িত্বে ফিরেছেন। আর ১০ জনের আঘাত গুরুতর। এই সেনারা কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্দান, বাহরাইন, ইরাক ও ইসরায়েলে আহত হন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলোতে পাল্টা হামলা চালানো শুরু করে ইরান। সংঘাত শুরুর পর থেকে হামলায় এ পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন।

সোমবার মার্কিন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রায় এক ডজন এমকিউ-৯ ড্রোন হারিয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার সেন্টকম ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং (জ্বালানি সরবরাহকারী) উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছিল।

গত ১ মার্চ যুদ্ধ শুরুর মাত্র একদিনের মাথায় ফ্রেন্ডলি ফায়ারের ঘটনায় যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। সেন্ট্রাল কমান্ড তখন জানায়, তিনটি এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভুলবশত কুয়েতি বিমান প্রতিরক্ষা বাহিনীর গুলিতে ভূপাতিত হয়।