ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি আমিরাত ও কুয়েতের, ড্রোন ভূপাতিত সৌদিতে
সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন ও সৌদি আরব জানিয়েছে, শুক্রবার ভোরে তারা ইরানের একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ইরান এসব হামলা চালিয়েছে বলে দেশগুলো দাবি করেছে।
একই সময়ে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এএফপি জানিয়েছে, ‘ইরানি আগ্রাসনে’ তাদের দেশে একটি গুদামে আগুন ধরে যায়। তবে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এতে কেউ হতাহত হননি। এর আগে দেশটির বিভিন্ন এলাকায় সাইরেন বেজে উঠে।
কুয়েতের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হুমকি মোকাবিলা করছে’। সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও একটি ‘ক্ষেপণাস্ত্রের হুমকি’র কথা জানিয়েছে।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এক ঘণ্টার কিছু বেশি সময়ের মধ্যে তাদের বাহিনী দেশের পূর্বাঞ্চলে ছয়টি এবং উত্তরাঞ্চলে একটি ড্রোন ধ্বংস করেছে।
নতুন করে ইসরায়েলের হামলা
ইরানের গ্যাস অবকাঠামোয় আর হামলা না চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের এক দিন পরই দেশটিতে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক মুখপাত্র আজ শুক্রবার বলেছেন, ‘আইডিএফ এইমাত্র তেহরানের প্রাণকেন্দ্রে ইরানি সন্ত্রাসী শাসকগোষ্ঠীর অবকাঠামোগুলোর বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে।’ তবে হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা শুরু করে। যুদ্ধে এখন পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ)। ইতোমধ্যে এই সংঘাত প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে। এতে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।
এর আগে বৃহস্পতিবার লোহিত সাগরের উপকূলে সৌদির তেল শোধনাগারে ড্রোন হামলা হয় এবং কুয়েতের দুটি শোধনাগারে আগুন ধরে যায়। উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোগুলোয় ইরান হামলা জোরদার করার পর এসব ঘটনা ঘটে।
গত বুধবার কাতারের রাস লাফানে বিশ্বের বৃহত্তম গ্যাস হাবে বড় ধরনের হামলা চালায় ইরান। ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে তেহরান এই হামলা চালায়।