নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে দুর্ঘটনার শিকার উড়োজাহাজ, ফ্লাইট চলাচল বন্ধ
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে একটি গাড়ির ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুর্ঘটনার কারণে বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
স্থানীয় সময় সোমবার প্রথম প্রহরে এই ঘটনা ঘটে। নিউইয়র্ক পুলিশ এএফপিকে জানায়, এয়ার কানাডার একটি উড়োজাহাজের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের (পোর্ট অথরিটি) একটি গাড়ির ধাক্কা লাগার ঘটনা ঘটেছে।
অন্যদিকে দমকল বাহিনী জানিয়েছে, ৪ নম্বর রানওয়েতে একটি উড়োজাহাজ ও গাড়ির মধ্যে ধাক্কা লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ওই বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তারা আরও জানিয়েছে, এই উড়োজাহাজ ওঠানামা বন্ধ থাকার স্থায়িত্ব আরও বাড়তে পারে।
কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনার বিস্তারিত তথ্য বা হতাহতের কোনো খবর জানায়নি। দুর্ঘটনার বিষয়ে মন্তব্যের জন্য সংবাদ সংস্থা এএফপি বন্দর কর্তৃপক্ষ এবং এয়ার কানাডার সঙ্গেও যোগাযোগ করেছে।
ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম 'ফ্লাইটরাডার২৪' জানিয়েছে, অবতরণের সময় এয়ার কানাডা এক্সপ্রেসের একটি উড়োজাহাজের সঙ্গে বিমানবন্দরের একটি উদ্ধারকারী ও অগ্নিনির্বাপক গাড়ির ধাক্কা লেগেছে।
দুর্ঘটনার শিকার উড়োজাহাজটি সিআরজে-৯০০ মডেলের। জ্যাজ এভিয়েশন এটি পরিচালনা করে। উড়োজাহাজটি মন্ট্রিল থেকে উড্ডয়ন করেছিল।
ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, উড়োহাজাহাজটি যখন রানওয়ে দিয়ে যাচ্ছিল, তখন সামনে দিয়ে যাওয়া একটি গাড়িকে এটি সরাসরি ধাক্কা দেয়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা যায়, রাতে রানওয়ের ওপর এয়ার কানাডার একটি বিমানের সামনের অংশ (নাক) এবং ককপিট এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশে জরুরি সেবার গাড়িগুলো দাঁড়িয়ে ছিল। তবে ছবিগুলোর সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি।
নিউইয়র্কের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কুইন্স এলাকার এই বিমানবন্দরের আশপাশে ফ্লাইট বাতিল, রাস্তা বন্ধ এবং যানজট হতে পারে বলে লোকজনকে সতর্ক করেছে।
বিমানবন্দরের ওয়েবসাইট অনুযায়ী, সোমবার ভোর পর্যন্ত লাগার্ডিয়া থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল এমন সব ফ্লাইটে হয় বিলম্ব হয়েছে অথবা বাতিল করা হয়েছে।
এ বিষয়ে আরও জানার জন্য এএফপি বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বন্দর পুলিশ বিভাগের সঙ্গেও যোগাযোগ করেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ গত রোববার জানিয়েছিল, খারাপ আবহাওয়ার কারণে আগে থেকেই সেখানে উড়োজাহাজ চলাচলে সমস্যা হচ্ছিল।
তারা গত সপ্তাহে আরও জানিয়েছিল, সরকারি অর্থায়নে সমস্যার কারণে কর্মী সংকট দেখা দেওয়ায় নিরাপত্তা তল্লাশিতেও যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছিল।