‘ফলপ্রসূ’ আলোচনার দাবি ট্রাম্পের, ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধের নির্দেশ

স্টার অনলাইন ডেস্ক

ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে হামলা স্থগিতের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তেহরানের সঙ্গে ‘অত্যন্ত ফলপ্রসূ’ আলোচনার পর তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে আজ সোমবার বার্তাসংস্থা এএফপি জানিয়েছে।

ট্রাম্প বলেছেন, চলতি সপ্তাহেও আলোচনা অব্যাহত থাকবে।

সোমবার ভোরে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে ট্রাম্প লেখেন, 'গত দুই দিনে মধ্যপ্রাচ্যে আমাদের শত্রুতা চূড়ান্ত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরান অত্যন্ত চমৎকার ও ফলপ্রসূ আলোচনা করেছে।'

তিনি আরও বলেন, 'এই আলোচনা পুরো সপ্তাহজুড়েই চলবে। আলোচনার গতিপ্রকৃতি ও মেজাজের ওপর ভিত্তি করে আমি আগামী পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা স্থগিতের নির্দেশ দিয়েছি।'

'তবে এ সিদ্ধান্ত চলমান বৈঠকগুলোর সাফল্যের ওপর নির্ভর করবে,' বলেন ট্রাম্প।

গত কয়েকদিনের উত্তেজনা ও দিয়েগো গার্সিয়া দ্বীপে যৌথ ঘাঁটিতে ইরানের হামলার পর ট্রাম্পের এই আকস্মিক ঘোষণা মধ্যপ্রাচ্য সংকটে নতুন মোড় নিতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।