আমিই পশ্চিমবঙ্গের ২৯৪ আসনের প্রার্থী: মমতা

স্টার অনলাইন ডেস্ক

ভোটারদের তার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মানুষ যেন তাকে পশ্চিমবঙ্গ বিধানসভার সবগুলো আসনের প্রার্থী হিসেবে বিবেচনা করেন।

আজ রোববার পুরুলিয়া জেলায় এক জনসভায় তিনি এসব বলেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু। 

তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বলেন, ‘মা-বোনেরা, আপনারা আমাদের ভোট দেবেন তো? কে আপনার প্রার্থী তা ভুলে যান, সবখানে আমিই প্রার্থী। আমরাই সরকার গঠন করব।’

১০ বছর আগে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে নারদা স্টিং ভিডিও কাণ্ডে তৃণমূলের একাধিক মন্ত্রী-নেতাদের ‍বিরুদ্ধে দলীয় তহবিলের জন্য নগদ অর্থ গ্রহণের অভিযোগ ওঠার পর মমতা বন্দ্যোপাধ্যায় একই ধরনের মন্তব্য করেছিলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রাণকেন্দ্র এবং দলের প্রচারণা তাকে ঘিরেই আবর্তিত। ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ‘বাংলার নিজের মেয়েকে চাই’ প্রচারণায় ভর করে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) হারায় তৃণমূল কংগ্রেস।

এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে ২৯১টিতে প্রার্থী দিয়েছে তৃণমূল। বাকি তিনটি আসন তাদের মিত্র ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে ছেড়ে দেওয়া হয়েছে। ২০১১ সাল থেকে শুরু করে এবারও কলকাতার ভবানীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।