নৌ কমান্ডার তাংসিরির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান
ইসরায়েলের সাম্প্রতিক এক বিমান হামলায় ইসলামিক বিপ্লবী গার্ডস কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরির মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান।
গার্ডসের সেপাহ নিউজ ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, গত সপ্তাহে হামলায় গুরুতর আহত হওয়ার পর তিনি ‘মৃত্যুবরণ করেছেন’।
বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ওই হামলায় তাংসিরির নিহত হওয়ার দাবি করেছিলেন। তিনি তাকে ‘হরমুজ প্রণালীতে মাইন পেতে অবরোধ তৈরির সন্ত্রাসী অভিযানের সরাসরি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি’ হিসেবে বর্ণনা করেন।
ইরানের বিবৃতিতে বলা হয়, তাংসিরি উপকূলীয় প্রতিরক্ষা সংগঠনের দায়িত্ব পালনকালে নিহত হন। এতে আরও বলা হয়, ‘শত্রুকে সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত আমরা বিশ্রাম নেব না’।
এএফপি জানায়, তাংসিরি চলমান যুদ্ধে নিহত হওয়া সর্বশেষ উচ্চপদস্থ ইরানি কর্মকর্তা, যার মৃত্যুর বিষয়টি তেহরান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
১৯৮০-৮৮ সালের ইরান-ইরাক যুদ্ধের অভিজ্ঞ তাংসিরি ২০১৮ সালে সর্বোচ্চ নেতা আলি খামেনির মাধ্যমে আইআরজিসির নৌ শাখার প্রধান হিসেবে নিয়োগ পান। তার নেতৃত্বে বাহিনীটি সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে সক্রিয় হয়ে ওঠে এবং একাধিক বিদেশি জাহাজ জব্দ করার ঘটনায় জড়িত ছিল।
২০১৯ সালে সন্ত্রাসবিরোধী সংশ্লিষ্টতার অভিযোগে যুক্তরাষ্ট্র তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বলে জানায় এএফপি।