লেবাননে আবারও খ্রিস্টানদের মূর্তি অবমাননার অভিযোগ ইসরায়েলি সেনার বিরুদ্ধে

স্টার অনলাইন ডেস্ক

লেবাননের দক্ষিণাঞ্চলে মাদার মেরির একটি মূর্তি অবমাননার অভিযোগে এক ইসরায়েলি সেনার ছবি প্রকাশিত হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, খ্রিস্টান অধ্যুষিত দেবেল শহরে থাকা মাদার মেরির মূর্তির মুখে একটি সিগারেট চেপে ধরেছেন ওই সেনা।

গত মাসে একই শহরে ইসরায়েলি সেনারা হাতুড়ি দিয়ে যিশুখ্রিস্টের একটি মূর্তি ভেঙে ফেলেছিলেন।

ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সংশ্লিষ্ট সেনাকে শনাক্ত করা গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

সংবাদমাধ্যমটি আরও জানায়, ইসরায়েলি বাহিনীর সদস্যদের মূর্তি বা সম্পত্তি ধ্বংস এবং লুটপাটের এমন আরও কয়েকটি ঘটনার ভিডিও ও ছবি এর আগে প্রকাশ হয়েছে। অনেক ক্ষেত্রে সেগুলো সেনারা নিজেরাই প্রকাশ করেছেন

এর আগে, যিশুখ্রিস্টের একটি মূর্তি ভাঙচুরের ঘটনায় জড়িত ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

সংস্থাটি জানায়, যিনি হাতুড়ি দিয়ে মূর্তিটিতে আঘাত করেছিলেন এবং যিনি সেই ঘটনার ছবি তুলেছিলেন—এই দুই সেনাকে ৩০ দিনের সামরিক আটকাদেশ দেওয়া হয়েছে।

আইডিএফ আরও জানায়, তদন্ত শেষে তাদের যুদ্ধক্ষেত্রের দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হবে। এ ছাড়া, ঘটনাস্থলে উপস্থিত থাকা আরও ছয় সেনা, যারা ঘটনাটি ঠেকাতে বা ঊর্ধ্বতনদের জানাতে ব্যর্থ হয়েছেন, তাদের বিরুদ্ধেও আলাদাভাবে ব্যবস্থা নেওয়া হবে।

দক্ষিণ লেবাননের দেবেল গ্রামে ঘটে যাওয়া ওই ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ঘটনার পর আন্তর্জাতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।