হরমুজ প্রণালি খোলা রাখতে শি জিনপিং সহায়তার প্রস্তাব দিয়েছেন: ট্রাম্প
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হরমুজ প্রণালি খোলা রাখতে সহায়তার প্রস্তাব দিয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিংয়ে বৈঠকের পর ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে এ মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইরানকে সামরিক সরঞ্জাম না দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
ট্রাম্প বলেন, ‘তিনি বলেছেন, তিনি সামরিক সরঞ্জাম দেবেন না… তিনি খুব দৃঢ়ভাবেই এ কথা বলেছেন।’
বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই বেইজিং সফরে ট্রাম্পের এ মন্তব্য এলো।
বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক সম্মেলনে যোগ দিতে বেইজিংয়ে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় এক দশকের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর এটি।