আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলার ‘ডোনাল্ড ট্রাম্প’
বাংলাদেশে একটি অ্যালবিনো (জন্মগত জেনেটিক ত্রুটি) মহিষকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো সোনালি চুল থাকায় মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। কোরবানির ঈদের আগে নারায়ণগঞ্জে মহিষটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন শত শত মানুষ।
মহিষটির মালিক ৩৮ বছর বয়সী জিয়া উদ্দিন মৃধা বার্তা সংস্থা এএফপিকে বলেন, মহিষটির মাথাভর্তি সোনালি চুল দেখে তার ছোট ভাই এই নামটি রাখেন। প্রায় ৭০০ কেজি ওজনের মহিষটির চুল অনেকটা ট্রাম্পের পরিচিত হেয়ারস্টাইলের মতো।
ঢাকার কাছে নারায়ণগঞ্জে অবস্থিত তার খামারে মে মাসজুড়ে কৌতূহলী দর্শনার্থীদের ভিড় লেগেই আছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা পাওয়ার পর শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষ মহিষটিকে দেখতে আসছেন।
মহিষটির পরিচর্যায়ও রয়েছে বাড়তি আয়োজন। খামারের কর্মীরা দিনে চারবার তাকে গোসল করান এবং সোনালি চুলে গোলাপি ব্রাশ চালিয়ে পরিচ্ছন্ন রাখেন।
জিয়া উদ্দিন মৃধা বলেন, ‘তার একমাত্র বিলাসিতা হলো দিনে চারবার গোসল করা।’ তবে তিনি মজা করে বলেন, ট্রাম্পের সঙ্গে মহিষটির মিল কেবল চুলেই সীমাবদ্ধ।
প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অ্যালবিনো বা শ্বেতবর্ণের মহিষ খুবই বিরল। মেলানিনের ঘাটতির কারণে এ ধরনের প্রাণীর গায়ের রং সাদা বা গোলাপি দেখায়।
কোরবানির ঈদকে ঘিরে প্রস্তুতি
১৭ কোটি মানুষের দেশ বাংলাদেশে কোরবানির ঈদ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে। এ সময় গরু, ছাগল, ভেড়া ও মহিষসহ এক কোটির বেশি পশু কোরবানি হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক নিম্নআয়ের পরিবারের জন্য এ সময়টিই সারা বছরের মধ্যে মাংস খাওয়ার বিরল সুযোগ এনে দেয়।
তবে দর্শনার্থীদের অতিরিক্ত ভিড়ে মহিষটির ওজন কমে গেছে বলে জানান মালিক। এজন্য এখন খামারে প্রবেশে কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
তারপরও মানুষ দূরদূরান্ত থেকে ছুটে আসছেন বাংলার ‘ডোনাল্ড ট্রাম্প’-কে একনজর দেখতে। দর্শনার্থী ফয়সাল আহমেদ বলেন, ‘মহিষটির চেহারা সত্যিই ট্রাম্পের সঙ্গে কিছুটা মিলে যায়।’
তিনি জানান, তার এক ভাতিজা শুধু মহিষটি দেখতেই এক ঘণ্টা নৌকাভ্রমণ করে এসেছে।
খামারের অন্য তারকারা
এই বিখ্যাত মহিষটিই খামারের একমাত্র বিশেষ নামধারী প্রাণী নয়। খামারে রয়েছে ‘তুফান’ নামে অপর একটি আক্রমণাত্মক ষাঁড়, বড় আকারের ‘ফ্যাট বয়’ এবং শান্ত স্বভাবের ‘সুইট বয়’।
এ ছাড়া, সোনালি চুলের আরেকটি ষাঁড়ের নাম রাখা হয়েছে ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারের নামে।
গত এক বছর ধরে ‘ডোনাল্ড ট্রাম্প’-এর দেখাশোনা করছেন জিয়া উদ্দিন মৃধা। কোরবানির ঈদে প্রাণীটি বিক্রি হয়ে গেলে খারাপ লাগবে জানিয়ে বলেন, ‘আমি ডোনাল্ড ট্রাম্পকে মিস করব। কিন্তু কোরবানির ঈদের মূল শিক্ষাই হলো ত্যাগ।’