রাফা সীমান্ত পরীক্ষামূলকভাবে খুলে দিয়েছে ইসরায়েল
প্রায় দুই বছর পর গাজা ও মিসরের মধ্যকার রাফা সীমান্ত পরীক্ষামূলকভাবে পুনরায় খুলে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের একাধিক গণমাধ্যম এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে বলে জানিয়েছে আল জাজিরা।
ইয়েদিওথ আহরোনোথ পত্রিকার খবরে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ এই সীমান্ত 'পাইলট কার্যক্রমের' আওতায় চালু রয়েছে। তবে উভয় দিক থেকে মানুষের স্বাভাবিক চলাচল মূলত আগামীকাল শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রতিদিন আনুমানিক ১৫০ জন গাজা উপত্যকা ছাড়তে পারবেন, আর প্রায় ৫০ জন ফিলিস্তিনি ভূখণ্ডে ফিরে আসবেন।
ইসরায়েলের চ্যানেল ১২ এক অজ্ঞাত নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, কর্তৃপক্ষ যাচাই ও নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা শুরু করেছে। একইসঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ও মিসরের প্রতিনিধিদের উপস্থিতিতে সীমান্তে একটি পরীক্ষামূলক ব্যবস্থা চালু করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আজ কিছু ব্যক্তিকে রাফা ক্রসিং দিয়ে পার হতে দেওয়া হতে পারে, তবে সেই সংখ্যা ১৫০ হবে না।
গতকাল শনিবার ইসরায়েলের বিমান হামলায় গাজায় শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছেন। বিবিসি অবশ্য কর্তৃপক্ষের বরাতে নারী-শিশুসহ ৩২ জন নিহত হওয়ার খবর জানিয়েছে।
গত অক্টোবরে ঘোষিত 'যুদ্ধবিরতি' কার্যকর হওয়ার পর এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৫০৯ জন ফিলিস্তিনি নিহত এবং এক হাজার ৪০৫ জন আহত হয়েছেন।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলের যুদ্ধে এ পর্যন্ত অন্তত ৭১ হাজার ৭৬৯ জন নিহত এবং এক লাখ৭১ হাজার ৪৮৩ জন আহত হয়েছেন।