ঈদ ফ্যাশন: ফ্লোয়ি পোশাকে তৈরি করুন নিজের স্টাইল স্টেটমেন্ট

সাবরিনা এন ভূঁইয়া

রমজানকে বলা হয় বরকতের মাস। আর ঈদ হলো রমজানের শেষে পাওয়া পরম প্রাপ্তি।

ঈদের প্রস্তুতি নেওয়া সম্ভবত পুরো বছরে আমাদের সবচেয়ে প্রতীক্ষিত কাজ। কারণ এ সময়ে আমরা মনের আনন্দে সেরা সব আয়োজনের চেষ্টা করি। পোশাক তৈরির জন্য আকর্ষণীয় সব নকশা আর পরিকল্পনাগুলো ঈদের জন্য জমিয়ে রাখা হয়। কারণ ঈদের দিন প্রত্যেকে নিজেকে সবচেয়ে সুন্দর রূপে দেখতে চায়। 

ছবি: আদনান রহমান

এবার যে সময় ঈদ হচ্ছে তখন আবহাওয়া বেশ মনোরম ও সহনীয়। তাই ঈদের সাজগোজও হওয়া চাই আরামদায়ক, স্বাচ্ছন্দ্যময় এবং একইসঙ্গে চমৎকার!

এর সঙ্গে মানিয়ে এবারের ঈদে তরুণীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে ফ্লোয়ি বা স্রোতময় ধাঁচের পোশাক, যা আপনাকে দেবে স্বাচ্ছন্দ্যে চলাফেরার স্বাধীনতা, সেইসঙ্গে দেখাবেও মায়াবী।

ছবি: আদনান রহমান

 

সাবলীল ফ্যাশন সবসময়ই সমাদৃত। কারণ যখন কেউ কোনো পোশাক পরেন, তখন পোশাকের চেয়ে পরিধানকারীকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। খেয়াল রাখা উচিত, যেন পরিধানকারীর ব্যক্তিত্ব ও প্রাণচাঞ্চল্য যেন তার অবয়বের মাধ্যমে প্রকাশ পায়। আর পোশাকটি যেন ব্যক্তির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ না হয়ে ওঠে।

হালকা রঙের মসলিন কাফতান ঠিক তেমনই কোমল ও স্বচ্ছ পোশাক, যা পরিধানকারীকে উজ্জ্বল করে তোলে এবং তার সৌন্দর্যকে সুনিপুণভাবে ফুটিয়ে তোলে। সূক্ষ্ম এমব্রয়ডারি করা লম্বা ও ঢিলেঢালা আবায়া স্টাইল পোশাকগুলো যেমন স্টাইলিশ, তেমনি ঈদের দিনের লম্বা সময়ের মেহমানদারি বা বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্যও খুবই উপযোগী।

ছবি: আদনান রহমান

 

পিচ, গোলাপি, হলুদ ও আইভরি রঙের শেডগুলো এক্ষেত্রে আদর্শ হতে পারে। কেননা এগুলো একদিকে যেমন কোমল, অন্যদিকে তেমনি আভিজাত্যপূর্ণ। পাশাপাশি উৎসবের জন্য প্রয়োজনীয় উজ্জ্বলতাও এতে বিদ্যমান। 

লম্বা কাফতান স্টাইলের কামিজগুলো এ বছর বেশ জনপ্রিয় হয়েছে। এগুলো একইসঙ্গে স্টাইল ও উপযোগিতার এক দারুণ সমন্বয়। দিনের পাশাপাশি রাতের অনুষ্ঠানের জন্যও কাফতান উপযুক্ত। 

ঈদের স্নিগ্ধ সন্ধ্যাগুলোর জন্য বেছে নিতে পারেন হালকা বেগুনি, লাইলাক বা মোকা ব্রাউনের মতো কিছুটা গাঢ় রঙ।

আবার গাঢ় সবুজ ও টিল রঙ দুটি পরিধানকারীকে দেয় ভিন্ন রূপ। এই রঙগুলো দিন ও রাত দুই সময়ের জন্যই চমৎকার। যখন কেউ নিজেকে একটু বিশেষ ও গ্ল্যামারাস দেখাতে চান, তখন বিকেল বা সন্ধ্যার ঈদ আড্ডার জন্য এসব রঙের লম্বা কামিজ হতে পারে সেরা পছন্দ। 

এর সঙ্গে এক জোড়া মানানসই হিল, একটি সুন্দর ছোট্ট ক্লাচ ব্যাগ এবং লম্বা কানের দুল যোগ করুন, আর দেখুন জাদু! ঈদের এই মোহনীয় রূপ আপনাকে প্রতিটি আড্ডার মধ্যমণি করে তুলবে!

মডেল: তানিয়া ও জারিন

পোশাক: নিডলওয়ার্ক বাই নূর-এ-জান্নাত

স্টাইলিং এবং ফ্যাশন নির্দেশনা: সোনিয়া ইয়াসমিন ইশা

মেকআপ: সুমন রাহাত

চুল: প্রবীণা

অনুবাদ করেছেন জ্যোতি রশীদ