নাটোরে বাড়িতে আগুন, মা ও মেয়ের মৃত্যু
নাটোরের গুরুদাসপুরে একটি বাড়িতে আগুন লেগে মা ও তার এক বছর বয়সী শিশুকন্যার মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার ঝাউপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আরও দুজন আহত হয়েছেন।
নিহত দুজন হলেন ঝাউপাড়া গ্রামের রন্টু মিয়ার স্ত্রী আপিয়া খাতুন (৩০) এবং তাদের মেয়ে রওজা খাতুন (১)। এ ঘটনায় রন্টু মিয়া ও তার মা মনেকা বেগম দগ্ধ হয়েছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। আজ ভোরের দিকে হঠাৎ ঘরের ভেতর আগুন জ্বলতে দেখেন প্রতিবেশীরা। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় ঘর থেকে বের হতে না পেরে দগ্ধ হয়ে মারা যান মা ও শিশু।
গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আতাউর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আগুনে দগ্ধ রন্টু মিয়া ও তার মা মনেকা বেগমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে মনেকা বেগমের শরীরের বড় অংশ পুড়ে যাওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুলজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।