পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
পাবনার সাঁথিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সাঁথিয়ার আতাউকুলা থানার সোলাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শাহজাদপুর ট্রাভেলসের চালক মো. কামাল হোসেন (৪০), মাছরাঙা পরিবহনের চালকের সহকারী মেহেদী হাসান (২৮), পাবনা সদর উপজেলার রাজাপুর গ্রামের আলেফ উদ্দিন (৩৫) ও আটঘরিয়া উপজেলার নরজান গ্রামের আলমগীর হোসেন (৩৬)। কামাল হোসেনের বাড়ি বলরামপুর গ্রামে এবং মেহেদীর বাড়ি শিবরামপুর গ্রামে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে সোলাবাড়িয়া সেতুর কাছে ঢাকাগামী ‘শাহজাদপুর ট্রাভেলস’ ও পাবনাগামী ‘মাছরাঙা পরিবহন’–এর দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসই দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলেই দুই বাসশ্রমিক নিহত হন। পরে হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়।
পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ৩২ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। এ ছাড়া পাবনা হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন মারা যান।