গাজীপুরে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
গাজীপুরের কোনাবাড়ী আমবাগ এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা শাহীন আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, গোডাউনে থাকা ঝুটের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
আশপাশের বাসা বাড়িতেও আগুন ছড়িয়ে পড়েছে বলে জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে ও দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।