রায়েরবাজারে লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর রায়েরবাজারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।

রোববার দিবাগত রাত পৌনে ৪টার দিকে রায়েরবাজার মুক্তি সিনেমা হলের সামনে জিহাদ স্টোর জাহানারা ভিলা ছয়তলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—শেখ নোমান (৩৫), তার স্ত্রী পিংকি আক্তার (৩২), ছেলে সানাফ শেখ মাইয়ান (৩) ও শ্যালক রিয়াদ হাসান অপু (২৩)।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, শেখ নোমানের শরীরের ২৫ শতাংশ, পিংকির ৭৫ শতাংশ, মাইয়ানের ২৪ শতাংশ ও অপুর ৭ শতাংশ পুড়ে গেছে। চারজনের মধ্যে পিংকির অবস্থা আশঙ্কাজনক। শিশু মাইয়ান ও তার বাবা নোমানকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে।

দগ্ধ রিয়াদ হাসান অপু জানান, তারা চারজন ওই বাসায় ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দে তার ঘুম ভাঙে। তখন রুমের ভিতর আগুন দেখতে পান। সঙ্গে সঙ্গে শিশু মাইয়ানকে কোলে নিয়ে তিনি বাসার বাইরে বের হন।

তিনি আরও জানান, সেহরির জন্য রান্না করতে উঠেছিলেন তার বোন পিংকি। তার ধারণা, রান্নাঘরের লিকেজ থেকে  গ্যাস জমে ছিল। চুলা জ্বালাইতে সেই গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে।

স্বজনরা জানান, নোমান একটি কোম্পানিতে চাকরি করেন। তার স্ত্রী গৃহিণী। নোমানের শ্যালক অপু গ্রামের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জে থাকেন। সেখানে ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী। রোববারই বোন পিংকিকে গ্রাম থেকে ঢাকার বাসায় দিতে এসেছিলেন।