বঙ্গভবনের সামনে ট্রাকচাপায় নিহত ২, শান্তিবাগে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে বঙ্গভবনের সামনে ট্রাকচাপায় দুজন মুরগি ব্যবসায়ী এবং শান্তিবাগে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
আজ ভোর ৪টার দিকে বঙ্গভবনের সামনের রাস্তায় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় রিপন (৪৫) ও সুলতান (৪০) নামে দুই মুরগি ব্যবসায়ী নিহত হন। মুমূর্ষু অবস্থায় অন্য ব্যবসায়ীরা তাদেরকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
অন্য একটি মুরগিবাহী ভ্যানের চালক মো. শাহীন জানান, নিহত রিপন ও সুলতান শান্তিনগরের মুরগি ব্যবসা করতেন। তারা কাপ্তান বাজার থেকে ভ্যান বোঝাই করে মুরগি নিয়ে শান্তিনগরের দিকে যাচ্ছিলেন। বঙ্গভবনের সামনের রাস্তায় ইউটার্ন নেওয়ার সময় একটি ট্রাক তাদের ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানের ওপরে থাকা রিপন ও সুলতান ছিটকে রাস্তায় পড়ে যান এবং ট্রাকটি তাদের ওপর দিয়ে চলে যায়। এই ঘটনায় ভ্যানচালক সামান্য আহত হয়েছেন।
নিহত রিপনের ও সুলতানের বাড়ি শেরপুর জেলায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মতিঝিল থানা-পুলিশকে জানানো হয়েছে।
শান্তিবাগে যুবককে কুপিয়ে হত্যা
অন্যদিকে রাজধানীর শান্তিবাগ ভাঙারি গলি এলাকায় সেকান্দার আলী (৩২) নামে এক অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় রাত ২টার দিকে স্বজনেরা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সেকান্দারের ভাই আমির আলী জানান, তাদের গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুরে। সেকান্দার স্ত্রী ও তিন সন্তান নিয়ে রামপুরা উলন বাজার এলাকায় থাকতেন। শান্তিবাগ ভাঙারি গলিতে তার দুটি অটোরিকশা চলত।
আমির আলীর অভিযোগ, এলাকার মাদক কারবারি বুলেট মামুন, আকিশোন ও মামুনের শ্যালক হান্নানসহ কয়েকজন মিলে সেকান্দারকে কুপিয়ে আহত করে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে তিনি মারা যান।
তিনি আরও বলেন, গতকাল দিনেও বুলেট মামুনসহ কয়েকজন সেকান্দারকে মারার জন্য খুঁজছিল। রাতে একা পেয়ে মাথা, গাল ও হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তারা।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইন-চার্জ মো. ফারুক জানান, নিহতের মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শাহজাহানপুর থানা-পুলিশ তদন্ত করছে।