লালমনিরহাটে সড়কে ঝরল স্বামী-স্ত্রী ও সন্তানের প্রাণ, আরেক ছেলে হাসপাতালে
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেলে চারজন যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। স্থানীয়রা আহত আরেক শিশুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
নিহত তিনজন হলেন—দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামের বাসিন্দা শরীফুল ইসলাম (৩৬), তার স্ত্রী সুমাইয়া বেগম (৩০) ও তাদের এক বছর বয়সী সন্তান আব্দুল্লাহ আল হুদা।
দুর্ঘটনায় তাদের ১০ বছর বয়সী আরেক সন্তান সুবাইদ ইসলাম গুরুতর আহত হয়েছেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, শরীফুল পাটগ্রামে ‘পদক্ষেপ’ নামে একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। ঈদের ছুটিতে তিনি পরিবার নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন।
নাজমুল আরও বলেন, ‘তিনজনের মরদেহ পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং তাদের পরিবারের সদস্যদের দুর্ঘটনার ব্যাপারে অবহিত করা হয়েছে। আহত শিশুর চিকিৎসার বিষয়টি পুলিশ নজরদারিতে রেখেছে।’
‘দুর্ঘটনার পরপরই ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ট্রাক শনাক্ত ও চালককে গ্রেপ্তারের চেষ্টা করছে,’ বলেন এই পুলিশ কর্মকর্তা।