বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে নিহত ৩
বগুড়ার শেরপুর উপজেলায় মাইক্রোবাসে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে চালক ও যাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আরও অন্তত নয়জন দগ্ধ হয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ ১৯-৩০৪১) ঢাকা থেকে আসছিল। ছোনকা এলাকায় পৌঁছানোর পর হঠাৎ গাড়িটিতে আগুন ধরে যায়। আগুনের তীব্রতায় যাত্রীদের উদ্ধার করতে বেগ পেতে হয়েছে।
নিহত তিনজন হলেন, শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) ও মাইক্রোবাসের চালক রিন্টু (৪৭)। শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইনস্পেকটর বখতিয়ার উদ্দিন বলেন, ‘ঘটনাস্থলেই একজন মারা গেছেন। বাকিদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রোকন উদ্দিন জানান, হাসপাতালে নেওয়ার পর আহদের মধ্যে আরও দুইজনের মৃত্যু হয়।
আহতদের নাম জানা গেছে। তারা হলেন, হেলেনা (৬০), শহীদুল (৪০), তারিকুল (৩৬), হামীম (৩০), তৌসিফ (৩০), তাসমিয়া (২০), ফাতেমা (১০), আরহাম (৭) ও ফাতেমা (২)।
তবে হতাহত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। রোকন বলেন, ‘দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’