গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

গাজীপুরের নাওজোর এলাকায় ড্রেস ইন স্টাইল লিমিটেড নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আজ বুধবার রাত ৮টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে গাজীপুর ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ৯টা ৪০ মিনিটে আরও একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। এছাড়া কোনাবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিটও ভোগড়া স্টেশনের সঙ্গে সমন্বয় করে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছে।

গাজীপুর ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আশিস বলেন, ‘রাত ৮টা ২৮ মিনিটে আগুনের খবর পাই। সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট পাঠানো হয়। পরে আগুনের তীব্রতা বিবেচনায় আরও একটি ইউনিট যোগ দেয়।’

কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মনির হোসেন বলেন, ‘আমাদের একটি ইউনিট ভোগড়া ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালানো হচ্ছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।