কিশোরগঞ্জে পিকআপ ভ্যানচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পিকআপ ভ্যানচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও এক কিশোর।
আজ রোববার বিকেলে উপজেলার ছয়সূতি ইউনিয়নের দাড়িয়াকান্দি এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন বিজয় (১৭) ও তার বন্ধু জাবির হোসেন (১৭)। আহত কিশোরের পরিচয় জানা যায়নি। তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভৈরব হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সুমন কুমার চৌধুরী দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দাড়িয়াকান্দি এলাকায় একটি মোটরসাইকেলে তিন বন্ধু ঘুরতে বের হয়েছিলেন। বিপরীত দিক থেকে আসা মুরগিবোঝাই একটি পিকআপ ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই বিজয় ও জাবিরের মৃত্যু হয়। আহত আরেক কিশোরকে হাসপাতালে পাঠানো হয়।
‘তার পরিচয় আমরা এখনো জানতে পারিনি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে,’ বলেন তিনি।
সুমন আরও বলেন, ‘মোটরসাইকেল চাপা দিয়েই পিকআপ ভ্যান দ্রুত পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’