গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনা: নারী পর্যটক নিহত, পুলিশ সদস্য গুরুতর আহত
গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারী পর্যটক নিহত ও এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
গতকাল রোববার রাতে গাজীপুর সাফারি পার্ক থেকে ফেরার পথে এক নারী নিহত ও আজ সোমবার সকালে বাসের চাপায় আহত হন এক পুলিশ কনস্টেবল।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতে টঙ্গী-ঘোড়াশাল সড়কের চুয়ারিয়াখোলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোছাম্মৎ জুহুরা বেগম (৬০) নামে এক নারী নিহত হন। নিহত জুহুরা নরসিংদীর মাধবদী থানার আমদিয়া বেলাইদ এলাকার বাসিন্দা ছিলেন।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রিয়াদুল ইসলাম জানান, নরসিংদী থেকে একটি রিজার্ভ বাসে করে প্রায় ৪০ জন যাত্রী গাজীপুরের সাফারি পার্কে ভ্রমণে এসেছিলেন। দিনব্যাপী ভ্রমণ শেষে রাতে ফেরার পথে চুয়ারিয়াখোলা এলাকার একটি পেট্রোল পাম্পে বাসটি যাত্রাবিরতি করে।
এ সময় রাস্তা পার হতে গিয়ে একটি অটোরিকশার ধাক্কায় জুহুরা বেগম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে একই সড়কের নলছাটা এলাকায় এনা পরিবহনের একটি বেপরোয়া গতির বাসের চাপায় আহত হন পুলিশ কনস্টেবল মো. নাজমুল হোসেন (৩২)। নাজমুল কালীগঞ্জ থানায় পুলিশ ভ্যানের চালক হিসেবে কর্মরত।
সহকর্মীরা জানান, রাতভর টহল ডিউটি শেষে সকালে ব্যারাকে ফেরার পর নাজমুল বুঝতে পারেন তার মানিব্যাগটি হারিয়ে গেছে। সেটি খুঁজতে মোটরসাইকেল নিয়ে আবারও নলছাটা এলাকায় গেলে এই দুর্ঘটনার শিকার হন তিনি।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় তার ডান পায়ের হাড় ভেঙে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে বলে জানান পুলিশ।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।