টুঙ্গিপাড়ায় ‘আতশবাজি বানাতে গিয়ে’ বিস্ফোরণে যুবক আহত

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে মো. মতিউর রহমান মোল্লা (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। তার হাত-পা ও মুখ মণ্ডলের কিছু অংশ ঝলসে গেছে।

আজ মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, টুঙ্গিপাড়ার নিলফা বাজার এলাকায় গত রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। মতিউর ওই এলাকার মোস্তাক মোল্লার ছেলে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা ডেইলি স্টারকে জানান, ইউটিউব দেখে কয়েকটি আতশবাজি একত্রিত করে বড় আকারের বাজি বানানোর সময় বিস্ফোরণ হয়। মতিউর ছাড়াও কয়েকজন এই কাজে অংশ নিয়েছিলেন।

আহত হলে মতিউরকে স্থানীয় বাসিন্দারা গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ ব্যাপারে জানতে চাইলে আইয়ুব বলেন, ‘পুলিশের একটি দল তদন্ত শুরু করেছে। সেখানে একটি বিস্ফোরক সদৃশ বস্তু পড়ে থাকতে দেখা যায়। ঢাকা থেকে বিশেষজ্ঞ টিম আসছে। তারা আসার পর জানা যাবে এটি কী ধরনের বস্তু। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি বড় আকারের বাজি।’

যোগাযোগ করা হলে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. নিয়াজ মাহমুদ ডেইলি স্টারকে বলেন, ‘গত রাতে মতিউর রহমানকে জরুরি বিভাগে আনা হয়েছিল। তার হাত ও মুখ দগ্ধ হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়ার পরামর্শ দিয়েছেন।’