নদী থেকে তোলা হলো বাস, মোট ১৬ জনের মরদেহ উদ্ধার
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় তলিয়ে যাওয়া বাসটি নদী থেকে তোলা হয়েছে।
বুধবার দিবাগত ভোররাতে রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা দ্য ডেইলি স্টারকে জানান, বাসের ভেতর থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
‘এর আগে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৬ জনের মরদেহ উদ্ধার করা হলো,’ বলেন রানা।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ‘সৌহার্দ্য’ পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রমতে, দুর্ঘটনার পর ১১ জন যাত্রী সাঁতরে নিরাপদে উঠে আসতে সক্ষম হয়েছিলেন।
পরবর্তীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ হামজা বাসটি নদী থেকে উপরে তোলার চেষ্টা শুরু করে। পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালায়।


