রাঙ্গামাটিতে বাস উল্টে আহত ১৯
রাঙ্গামাটির সাপছড়িতে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৯ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত একজনকে চট্টগ্রামে ও ১২ জনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাঙ্গামাটির কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক চৌধুরী দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
বাসের যাত্রীরা জানান, ঈদের ছুটি শেষে নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রামের বিভিন্ন গার্মেন্টসে কর্মরতরা বাসটি ভাড়া করে নিয়ে যাচ্ছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
বাসটিতে ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
ওসি বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহতরা চিকিৎসা নিয়েছেন। গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।'
এ দুর্ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি বলে জানান তিনি।