জমিতে জমে থাকা পানিতে ডুবে এক পরিবারের ৩ শিশুর মৃত্যু
মৌলভীবাজারের কুলাউড়ায় জমিতে জমে থাকা পানিতে ডুবে এক পরিবারের ৩ শিশু মারা গেছে।
আজ বুধবার দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ফুটিকগুলি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুদের বাবারা সম্পর্কে চাচাতো ভাই। তারা হলো—শিপার আহমেদের ছেলে জিসান আহমেদ (১২), আশিক আলীর ছেলে ইমাদ আহমেদ (৯) ও শাহেব আলীর ছেলে লাবিব আহমেদ (৭)।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা জুনেদ আহমদ ডেইলি স্টারকে বলেন, 'বুধবার সকালে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে এলাকার জমিতে পানি জমে যায়।'
স্থানীয়রা জানায়, ওই শিশুদের বাড়ির পাশের কৃষি জমিতেও পানি জমে। দুপুরে ৩ শিশু সেখানে খেলতে গিয়ে জমির সদ্য কাটা নিচু অংশে নেমে পড়ে। সেখানে ডুবে যায় তারা।
এ সময় এক পথচারী ৩ শিশুকে পানিতে ডুবে যেতে দেখে চিৎকার করলে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে। পরে গুরুতর অবস্থায় তাদের স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মনিরুজ্জামান মোল্লা বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ময়নাতদন্তের জন্য বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হচ্ছে।'