কোনাবাড়ীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৬
গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন।
আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার পর কিছুসময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইলগামী তাকওয়া পরিবহনের একটি যাত্রীবাহী মিনিবাস একই দিকে যাওয়া একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় ও ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।