গাজীপুরে ট্রাকের ধাক্কায় গার্মেন্টস কর্মকর্তা নিহত
গাজীপুর মহানগর এলাকায় ট্রাকের ধাক্কায় সোহাগ মিয়া (২৭) নামে এক গার্মেন্টস কর্মকর্তা নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন এ তথ্য জানিয়েছেন।
যোগাযোগ করা হলে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রাতে কোনাবাড়ী কলেজ গেট এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি ট্রাক ধাক্কা দিলে ওই যুবক মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন।’
সোহাগের বাড়ি নেত্রকোণার দুর্গাপুর থানার রামপুর গ্রামে। তার বাবার নাম জব্বার আলী। কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় তিনি ‘লিবার্টি নিটওয়্যার লিমিটেড’ নামে একটি কারখানায় কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোহাগ মিয়া মোটরসাইকেলে চন্দ্রা থেকে গাজীপুর চৌরাস্তার দিকে যাচ্ছিলেন।
ইফতেখার জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।