চাঁদপুরে নদীতে নেমে নিখোঁজ ২ শিশু, একজনের মরদেহ উদ্ধার

সংবাদদাতা, চাঁদপুর

চাঁদপুর সদর উপজেলায় ডাকাতিয়া নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। 

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাগাদী ইউনিয়নের মমিনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু দুজন—মোহাম্মদ আলীর ছেলে শাহাদাত (৬) ও মো. মাইনুদ্দিনের ছেলে মাহমুদ (৭)। দুজনই মমিনপুরের বাসিন্দা। 

খবর পেয়ে দুই ঘণ্টার প্রচেষ্টার পর শাহাদাতের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। 

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, ওই দুজনসহ তিন শিশু স্কুল থেকে ফিরে নদীতে গোসলে নামে। গোসল শেষে এক শিশু ফিরলেও শাহাদাত ও মাহমুদ স্রোতে নিখোঁজ হয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও মাহমুদের খোঁজ পাওয়া যায়নি। 

‘আমরা কাল সকালে আবার অভিযান শুরু করব,’ বলেন উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ।