শ্রীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষ: ৫ এসএসসি পরীক্ষার্থী আহত, ২ জনের অবস্থা গুরুতর

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচ এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। 

আহতদের মধ্যে তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই পরীক্ষার্থীরা অটোরিকশাযোগে তাদের নির্ধারিত কেন্দ্রে যাচ্ছিল। পথে একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হলে সেটি উল্টে যায়। এতে সিএনজিতে থাকা পাঁচ পরীক্ষার্থীই আহত হয়।

আহতদের মধ্যে দুই পরীক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়ে স্থানীয় হাজী ছোট কমিল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে। তবে বাকি তিনজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

চিকিৎসাধীন পরীক্ষার্থীদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শ্রীপুর থানার পরিদর্শক সঞ্জয় সাহা দ্য ডেইলি স্টারকে বলেন, ট্রাক ও সিএনজির সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। মাওনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।