পুঠিয়ায় ডাম্প ট্রাকের ধাক্কায় দর্জি নিহত, সড়ক অবরোধ-আগুন

নিজস্ব সংবাদদাতা, রাজশাহী

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ডাম্প ট্রাকের ধাক্কায় আকরাম আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এর প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন এবং দুটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেন।

আজ মঙ্গলবার সকালে ৭টার দিকে বিড়ালদহ মাজার এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

আকরাম স্থানীয় একটি দর্জির দোকানে কাজ করতেন। তার বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার থানাপাড়ায়। 
প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান জানিয়েছেন, রাস্তা পার হওয়ার সময় বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‘স্থানীয় বাসিন্দারা সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। তারা দুর্ঘটনায় জড়িত ট্রাক ও আরও একটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেন। সকাল ৯টার দিকে পুঠিয়া থানা পুলিশ ও পবা হাইওয়ে পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়,’ বলেন মিজান।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনে গেলে স্থানীয় বাসিন্দারা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তারা দিনের বেলায় ডাম্প ট্রাক চলাচল বন্ধ ও স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানান।

পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি শান্ত হয়।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘দুর্ঘটনার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে ওঠেন এবং আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিস কর্মীদেরও বাধা দেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে, জানিয়েছে পুলিশ।