খুলনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, একজন নিহত

নিজস্ব সংবাদদাতা, খুলনা

খুলনার ডুমুরিয়া উপজেলায় বেপরোয়া গতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়েছে। এ ঘটনায় একজন নিহত ও সাতজন আহত হয়েছেন।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গুটুদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান সাইদ (২৫) পাইকগাছা উপজেলার আচাবুর সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি দ্রুতগতিতে খুলনার দিকে যাচ্ছিল। গুটুদিয়া এলাকার কাছে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বাঁক পেরোনোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর বাসটি রাস্তা থেকে ছিটকে পাশের একটি পুকুরে পড়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী গুটুদিয়া গ্রামের বাসিন্দা রাজু মিয়া বলেন, বাঁকের কাছে উঁচু-নিচু ইটের রাস্তায় নিয়ন্ত্রণ হারানোর আগে বাসটি বেপরোয়া গতিতে চলছিল বলে মনে হচ্ছিল।

খর্নিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম দ্য ডেইলি স্টারকে জানান, পাইকগাছা থেকে খুলনার দিকে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।

তিনি বলেন, সাইদুর রহমান সাইদ ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

আহত যাত্রীদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ওসি আরও জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা বাসটি উদ্ধারের কাজ করছেন।