সিরাজগঞ্জ-জামালপুরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, পাবনা ও জামালপুর

সিরাজগঞ্জের কাজীপুর ও জামালপুরের সরিষাড়ীতে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার তাদের মৃত্যু হয়।

সিরাজগঞ্জ

কাজীপুর উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু হয়েছে। আজ সকাল ১১টার দিকে যমুনা নদীর পূর্বপাড় চরাঞ্চলের নিশ্চিতপুর ইউনিয়নের ৬ নম্বর নৌকাঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তাদের মধ্যে একজন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার হালিদাপাড়ার (ভদ্রশিমুল) গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েত হোসেন (১৩)। আরেকজন সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষুদ্র কাটেঙ্গা চরাঞ্চলের আব্দুল হালিমের ছেলে আরিফুল ইসলাম (১১)।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, স্থানীয় একটি মাদ্রাসার তিন ছাত্র গোসল করতে নদীতে নেমেছিল। স্রোতের কারণে দুজন পানিতে ডুবে যায়। পরে স্থানীয় জেলেরা নদীতে জাল ফেলে তাদের মরদেহ উদ্ধার করে থানায় খবর দেয়। পরবর্তীতে থানা ও নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করে।

জামালপুর

সরিষাবাড়ীতে বিল থেকে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে মো. সামি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের গ্রাম নিখাঁই মধ্যপাড়ার পেরী বিলে এ দুর্ঘটনা ঘটে। সামি ওই গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডোয়াইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সামিসহ তারা চার বন্ধু বাড়ির পাশের পেরী বিলে শাপলা ফুল ও ফুলের ডাঁটা তুলতে যায়। একপর্যায়ে বিলের গভীর গর্তে পড়ে তাদের মধ্যে দুইজন পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করেন।

তাদের মধ্যে তাসনিম (৭) নামে এক শিশুকে প্রথমে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। অপরদিকে সামিকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আশরাফ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই সামির মৃত্যু হয়েছে।