বৈদ্যুতিক খুঁটিতে উঠে ভিডিও ধারণ, ৯ ঘণ্টা পর পানি থেকে মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের নিকলীতে ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে নিখোঁজ হওয়া মো. মোনায়েম (১৫) নামের এক কিশোরের মরদেহ ৯ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
গতকাল শনিবার দুপুরে উপজেলার কারপাশা ইউনিয়নের বাগখালী এলাকার নানশ্রী সেতুসংলগ্ন এলাকায় ওই কিশোর নিখোঁজ হয়। রাত পৌনে ১০টার দিকে ঘটনাস্থলের পাশ থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত মোনায়েম উপজেলার নানশ্রী গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় বাসিন্দা ফারুক হোসেনসহ কয়েকজন জানান, বন্ধুদের সঙ্গে টিকটক ভিডিও ধারণ করতে নানশ্রী সেতু এলাকায় যায় মোনায়েম। ভিডিওকে আকর্ষণীয় করতে সে সেতুর পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠে এবং সেখান থেকে পানিতে লাফ দেয়। এ সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে মুহূর্তেই তলিয়ে যায় মোনায়েম।
ঘটনার প্রত্যক্ষদর্শীসহ স্থানীয়রা দ্রুত পানিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে খবর পেয়ে নিকলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়।
৯ ঘণ্টার বেশি সময় ধরে তল্লাশি চালানোর পর রাত পৌনে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে দীর্ঘ সময় তল্লাশি চালিয়ে রাত পৌনে ১০টার দিকে কিশোর মোনায়েমের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। টিকটকের ভিডিও ধারণ করতে গিয়ে একটি তরতাজা প্রাণ ঝরে গেল। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।