সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জামায়াত আমির ৭৪ লাখ টাকাসহ আটক

স্টার অনলাইন রিপোর্ট

সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে ৭৪ লাখ টাকাসহ আটক করেছে পুলিশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একদিন আগে আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘তিনি বিপুল পরিমাণ টাকা বহন করছেন, এমন তথ্য আমাদের কাছে ছিল। আমরা অভিযান চালিয়ে টাকাগুলো উদ্ধার করেছি। তিনি আমাদের জানিয়েছেন, সেখানে ৫০ লাখ টাকারও বেশি রয়েছে। আমরা গণনা করছি।’

গণনা শেষে জানা যায়, আটক বেলাল উদ্দিন প্রধানের কাছে ছিল মোট ৭৪ লাখ টাকা।

এসপি আরও বলেন, ‘বেলাল উদ্দিন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এই টাকার উৎস এবং কী কাজে ব্যবহার করা হতো, সে বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব।’