পাহাড় কাটার দায়ে পেট্রোলিয়াম করপোরেশনকে ৯ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের জামালখান খান এলাকায় পাহাড় কাটার দায়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

আজ মঙ্গলবার অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক সোনিয়া সোলতানা।

গত ২২ ফেব্রুয়ারি পরিবেশ অধিদপ্তরের একটি তদন্ত দল ‘জয় পাহাড়’ এলাকায় পাহাড় কাটার অভিযোগের তদন্তে গিয়ে প্রমাণ পায়।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক মুক্তাদির হাসান জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিপিসি প্রায় ৯ হাজার ৬০০ ঘনফুট পাহাড় কেটে ফেলেছে। সংস্থাটি সেখানে একটি রেস্টহাউস নির্মাণের কাজ করছে এবং এ জন্য পাহাড়ের পাদদেশে প্রাচীর নির্মাণ করা হচ্ছিল।

তিনি আরও বলেন, ‘প্রমাণ পাওয়ার পর বিপিসিকে শুনানিতে ডাকা হয়। শুনানিতে সংস্থাটির দুই কর্মকর্তা উপস্থিত হয়ে পাহাড় কাটার বিষয়টি স্বীকার করেন। এরপর তাদের জরিমানা করা হয়।’

এর আগে, একটি অফিস ভবন নির্মাণের জন্য পাহাড়ের পাদদেশ কেটে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগও উঠেছিল বিপিসির বিরুদ্ধে। তবে তখন পাহাড়টির শ্রেণি ‘খিলা’ হওয়ায় শ্রেণিগত জটিলতার কারণে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।