নরসিংদীতে কিশোরীর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী

নরসিংদীর মাধবদীতে ফসলের খেত থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আমেনা আক্তার (১৫) একটি পোশাক কারখানায় কাজ করত এবং বিলপাড় এলাকায় থাকত।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেয়েটির গলায় ওড়না প্যাঁচানো ছিল। ময়নাতদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।

তবে নিহতের পরিবারের অভিযোগ, প্রায় দুই সপ্তাহ আগে স্থানীয় একদল বখাটে মেয়েটিকে সংঘবদ্ধ ধর্ষণ করে। গতকাল রাতে তারা মেয়েটিকে তার বাবার কাছ থেকে ছিনিয়ে নেয়। 

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিহতের মা ফাহিমা বেগম জানান, 'একই এলাকার নুরুল ইসলামের (২৫) সঙ্গে মেয়ের প্রেম ছিল। আমরা যখন এটি জানতে পারি, তখন নুরুলকে বলি আমার মেয়েকে বিয়ে করতে। কিন্তু নুরুল রাজি হয়নি।'

নিহতের বাবা আশরাফ হোসেন ডেইলি স্টারকে বলেন, 'প্রায় ১৫ দিন আগে নুরুল ও তার ৪-৫ জন সহযোগী আমার মেয়েকে বাসায় ফেরার পথে অপহরণ করে ধর্ষণ করে। ঘটনার পর আমরা মামলার চেষ্টা করি, কিন্তু নুরুল ও তার সহযোগীরা আমাদের হত্যার হুমকি দেয়।'

তিনি আরও বলেন, 'আমরা যখন মামলা করতে থানায় যাচ্ছিলাম, তখন তারা পথে আমাদের আটকায়। ভয়ে আমরা বাসায় ফিরে আসি।'

তিনি বলেন, 'এরপর আমরা স্থানীয় ইউপি সদস্য আহমেদ উল্লাহকে বিষয়টি জানাই। তিনি সালিশের মাধ্যমে বিষয়টির মীমাংসা করে দেন। কিন্তু নুরুল এরপরও মেয়েকে উত্ত্যক্ত করতে থাকে। হতাশ হয়ে আমরা মেয়েকে অন্য কোথাও পাঠানোর পরিকল্পনা করি।'

আশরাফ হোসেন আরও বলেন, 'গতকাল বুধবার রাতে আমি মেয়েকে এক আত্মীয়ের বাসায় নিয়ে যাচ্ছিলাম। রাত ১০টার দিকে বড়ইতলা এলাকায় নুরুল ও তার সহযোগীরা আমাদের পথ আটকায় এবং মেয়েকে অপহরণ করে। পরে আজ সকালে খেত থেকে মেয়ের মরদেহ পাই।'

'তারা আমার মেয়েকে ধর্ষণের পর হত্যা করেছে,' বলেন তিনি।

যোগাযোগ করা হলে মহিষাশুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আহমেদ উল্লাহ সালিশের বিষয়টি অস্বীকার করেন।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদা গুলশানা কবির ডেইলি স্টারকে জানান, শুক্রবার মরদেহে ময়নাতদন্ত করা হবে।

ঘটনার পর থেকে নুরুল পলাতক। 

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ডেইলি স্টারকে বলেন, 'ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এবাদুল্লাহ (৩৮) নামে একজনকে আটক করা হয়েছে।'
নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।