পটুয়াখালীর বাউফলে কালী প্রতিমা ভাঙচুর

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

পটুয়াখালীর বাউফলে শ্রী শ্রী শীতলা-কালীমাতা মন্দিরের কালী প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভূবনসাহা কাচারি এলাকায় গতরাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আজ রোববার সকালে সরেজমিনে দেখা যায়, বগা-বাউফল সড়কের ভুবনসাহা কাচারি এলাকায় পাঁচ শতাংশ জমির ওপর ১০ ফুট দীর্ঘ ও ৬ ফুট প্রস্থের টিনশেডের তৈরি দুই কক্ষের শ্রী শ্রী শীতলা ও কালীমাতা মন্দিরটি অবস্থিত। মন্দিরের পশ্চিম পাশের কক্ষে কালী এবং পূর্ব পাশের কক্ষে শীতলার প্রতিমা রয়েছে। কালী প্রতিমার মাথাটি ভাঙা অবস্থায় পড়ে আছে।

স্থানীয় চা-দোকানি সবুজ শরীফ বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে পানি আনতে মন্দিরসংলগ্ন পুকুরে যাই। এ সময় টর্চের আলোয় দেখি কালী প্রতিমার ভাঙা মাথাটি মন্দিরের সামনে পড়ে আছে। সঙ্গে সঙ্গে আমি মন্দির কমিটির সভাপতি অনিল চন্দ্রকে বিষয়টি জানাই।’

মন্দির কমিটির সভাপতি অনিল চন্দ্র গণপতি বলেন, ‘ঘটনা জেনে আমি রাতেই মন্দিরে এসে পুলিশকে বিষয়টি অবহিত করি। পুলিশ ঘটনাস্থলে এসে এ বিষয়ে তদন্ত করে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছে।’

স্থানীয়রা জানান, শতবর্ষী এই মন্দিরটি ঘিরে এলাকায় হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজ করে। কোনো ধরনের সাম্প্রদায়িক ঘটনা আগে ঘটেনি। তাদের ধারণা, বহিরাগত দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছিদ্দিকুর রহমান বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। একটি কালীমূর্তি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি অনিল চন্দ্র গণপতি বাদী হয়ে রাতেই অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’