আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল

স্টার অনলাইন রিপোর্ট

জুলাই অভ্যুত্থানে রংপুরে শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণার জন্য আগামী ৯ এপ্রিল তারিখ নির্ধারণ করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার সকালে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায়ের দিন ঠিক করে দেন।

প্রসিকিউটর মঈনুল করিম গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘এই মামলাটা যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) ছিল। আজকে মামলাটি কার্যতালিকায় এসেছে এবং আদালত এই মামলার রায় ঘোষণার আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেছেন।’

প্রসিকিউশন আসামিদের সর্বোচ্চ শাস্তি আশা করছে জানিয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনাটা ধারণ করা ছিল। সেই ফুটেজ আমরা বিজ্ঞ আদালতে জমা দিতে সক্ষম হয়েছি এবং আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।’

চব্বিশের ১৬ জুলাই পুলিশের গুলিতে আবু সাঈদ শহীদ হন।

‘আবু সাঈদ হত্যা মামলা ট্রাইব্যুনালে আসার পরে আমরা তদন্ত শেষে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করি। এরপর ট্রাইব্যুনাল-২ এ বিচারকার্য সম্পন্ন হয়েছে। আমরা ৩০ জন আসামির বিরুদ্ধে অভিযোগ এনেছিলাম। সাক্ষী দিয়েছেন মোট ২৫ জন। এর মধ্যে বিশেষজ্ঞ আছেন, প্রত্যক্ষদর্শী, সাংবাদিক, চিকিৎসক ও পুলিশ সদস্য আছেন। পটভূমির সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ,’ বলেন এই আইনজীবী।