নরসিংদীতে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী

নরসিংদীর মাধবদীতে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গতকাল ওই নারী কেনাকাটা করতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে যান। সেখান থেকে পরিচিত একজনের সঙ্গে দেখা করতে মাধবদী থানাধীন কাঁঠালিয়া ইউনিয়নের খামারদী পদ্মারকান্দা এলাকায় যান। পরে পরিচিত ওই ব্যক্তিসহ চারজন ওই নারীকে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে। তারা ওই নারীর মোবাইল ফোন ও সঙ্গে থাকা টাকা-পয়সাও ছিনিয়ে নেয়।

ওসি জানান, এ ঘটনার পর ওই নারী বিষয়টি পরিবারকে জানান। পরে আজ শুক্রবার নিজেই বাদী হয়ে মাধবদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ হৃদয় নামে একজনকে গ্রেপ্তার করে।

'ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে এবং জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে', বলেন ওসি কামাল হোসেন।