কুকুর হত্যার দায়ে ৩ জনের আড়াই বছর কারাদণ্ড

স্টার অনলাইন রিপোর্ট

কুকুর হত্যার দায়ে তিনজনকে আড়াই বছর করে কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী সায়েম উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২১ সালে রাজধানীর ধলপুর এলাকায় ২০টি কুকুর হত্যার দায়ে এই তিনজনকে আড়াই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন—আবুল খায়ের, মোহাম্মদ অপু ও মোহাম্মদ মানিক। আজ রায় ঘোষণার সময় শুধু মানিককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ২৩ জানুয়ারি যাত্রাবাড়ীর ধলপুর লিচু বাগান এলাকায় খায়ের, অপু ও মানিক লোহার রড, প্লায়ার্স ও বিষাক্ত ইনজেকশন দিয়ে ২০টি কুকুর হত্যা করেন। ভিডিও ফুটেজের মাধ্যমে পরবর্তীতে তাদের শনাক্ত করা হয়।

এই ঘটনার পর ওই বছরের ২৫ জানুয়ারি ‘অ্যানিমেল লাভার্স অব বাংলাদেশ’ এর ফিল্ড সুপারভাইজার মো. মারুফুল হক আদালতে মামলা করেন। 

২০২৪ সালের ২১ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচার চলাকালে তিনজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

রায়ে বলা হয়, প্রাণিকল্যাণ আইন, ২০১৯ এর ১৬ (খ) ধারায় ৩ জনকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাদের আরও ১৫ দিন জেল খাটতে হবে।

একই আইনের ১৬ (ক) ধারায় ৩ জনকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে অতিরিক্ত ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

উভয় সাজা একসঙ্গে চলবে বলে আদেশে বলা হয়।