ডেইলি স্টার কার্যালয়ে হামলা: জুলফিকারের জামিন আবেদন খারিজ

স্টার অনলাইন রিপোর্ট

দ্য ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় করা মামলায় আসামি জুলফিকার আলী সৌরভের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এ আদেশ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান নজরুল ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাইকোর্ট বেঞ্চে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি বিবেচনায় জুলফিকারের জামিন আবেদন খারিজ করা হয়েছে।

আশিকুজ্জামান নজরুল আরও বলেন, মামলার অভিযোগের গুরুত্ব বিবেচনায় এর আগেও বেঞ্চ তাকে জামিন দিতে অস্বীকৃতি জানিয়েছিল।

এদিকে, জামিন আবেদনে জুলফিকারের আইনজীবী হিসেবে নাম থাকা মো. গোলাম কিবরিয়া বলেন, ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় করা মামলায় কোনো আসামির পক্ষে তিনি জামিন আবেদন করেননি।

তিনি আরও বলেন, আমার চেম্বারের কোনো জুনিয়র আইনজীবী হয়তো আসামির পক্ষে আবেদনটি উপস্থাপন করে থাকতে পারেন। তবে তিনি ওই জুনিয়র আইনজীবীর নাম জানাননি।

ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় গত ২২ ডিসেম্বর তেজগাঁও থানায় ৩৫০-৪০০ জন অজ্ঞাতপরিচয় বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন ডেইলি স্টারের হেড অব অপারেশনস মিজানুর রহমান। 

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ ডিসেম্বর রাত ১২টা ৩৫ মিনিটে হামলাকারীরা দেশীয় অস্ত্র, লাঠি ও দাহ্য পদার্থ নিয়ে জোরপূর্বক গেট ও কাচের দরজা ভেঙে ভবনের ভেতরে ঢুকে পড়ে। তারা ভেতরে ঢুকে কর্মীদের মারধর, অফিসের জিনিসপত্র ভাঙচুর, মূল্যবান সামগ্রী লুট এবং আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিতে আগুন দেয়।

হামলাকারীরা ভবনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুন ধরিয়ে দেয়। এতে গুরুত্বপূর্ণ সম্পদ ও নথিপত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অন্য তলাগুলোতেও ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয়।

এ হামলায় ২০০টির বেশি কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরা ও প্রিন্টারসহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র নষ্ট হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা।

এছাড়া বিভিন্ন লকারে রাখা প্রায় ৩৫ লাখ টাকা লুট করা হয়। এই ঘটনায় মোট ক্ষতির পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা, যা পরবর্তী মূল্যায়নের পর আরও বাড়তে পারে।