চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার আরও ১
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনায় আরও এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাত ৮টার দিকে চরবাগডাঙ্গা বাজার এলাকা থেকে আবদুল মালেককে (৪৬) গ্রেপ্তার করা হয়।
সদর থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা সুকোমল চন্দ্র দেবনাথ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘মালেক মামলার এজাহারভুক্ত আসামি না হলেও তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া গেছে। এ নিয়ে মামলায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৪ ফেব্রুয়ারি ভোরে উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামে শরিফ উদ্দীনের ভাই আবুল কালামের বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিহত হন—আল আমিন ও জিহাদ আলী।
ওই রাতেই সদর থানার উপপরিদর্শক বেলাল হোসেন ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা করেন।
আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে বজলুর রহমান, শুভ ও মিনহাজ আলীকে প্রথমে গ্রেপ্তার দেখানো হয়।
পরে চরবাগডাঙ্গা এলাকা থেকে আরও দুই সন্দেহভাজন—ইউসুফ (৪৫), শাকিল (৩৭) এবং পরে আরেক প্রধান আসামি শরীফ উদ্দিনকেও গ্রেপ্তার করে পুলিশ।