পটুয়াখালীতে বৃদ্ধকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
পটুয়াখালীর কলাপাড়ায় এক বৃদ্ধকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত মোতালেব আকনের (৭০) বাড়ি কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের তুলাতলী গ্রামে। পরিবারের দাবি, নিহত ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। তার চিকিৎসা চলছিল।
এ ঘটনায় তার বড় ছেলে মোয়াজ্জেম আকন বাদী হয়ে বরগুনার তালতলী থানায় একটি হত্যা মামলা করেছেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ মোতালেব আকন কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাচ্ছিলেন না। পরদিন সামাজিক মাধ্যমের একটি ভিডিও থেকে পরিবার তার অবস্থান জানতে পারে।
ভিডিওতে দেখা যায়, বরগুনার তালতলী উপজেলার সারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া এলাকায় নিরব (২৭), জহির হাওলাদার (২৮), আল-আমিনসহ (৩০) অজ্ঞাতনামা আরও ৭-৮ জন ওই বৃদ্ধকে চোর সন্দেহে গাছের সঙ্গে বেঁধে পেটাচ্ছেন।
খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও তার অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে আজ ভোরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
নিহতের বড় ছেলে মোয়াজ্জেম আকন বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। তার চিকিৎসাও চলছিল। একজন অসুস্থ মানুষকে পিটিয়ে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, ঘটনাটি পুলিশের নজরে এসেছে। নিহতের ছেলে বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।