সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনকে জিজ্ঞাসাবাদে ৫ দিন রিমান্ড চাইবে ডিবি

স্টার অনলাইন রিপোর্ট

সেনাসমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলের প্রভাবশালী মুখ ও অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য পল্টন থানায় করা এক মামলায় পাঁচ দিনের রিমান্ড চাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

আজ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি, তিনি ঢাকা মহানগর এলাকার পাঁচটি এবং ফেনীতে ছয়টিসহ অন্তত ১১টি মামলার আসামি।’ এর মধ্যে ফেনীর অন্তত তিনটি মামলার বিচারকাজ চলছে বলে তিনি জানান।

এই গোয়েন্দা কর্মকর্তা আরও জানান, পল্টন থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে করা একটি মামলায় তাকে প্রাথমিকভাবে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, তাকে ঢাকার আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ।

এর আগে আজ ভোরে বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে।

২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা ঘোষণার সময় মাসুদ উদ্দিন চৌধুরী সাভারে ৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ছিলেন। পরে তাকে গুরুতর অপরাধ ও দুর্নীতি দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়।

২০০৮ সালের ২ জুন তাকে লে. জেনারেল পদে পদোন্নতি দিয়ে ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) নিয়োগ দেওয়া হয়। কিন্তু এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করে ৮ জুন অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।