ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুক পেজ অ্যাডমিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার একটি স্থানীয় ফেসবুক পেজের অ্যাডমিনকে গতকাল মঙ্গলবার বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

পুলিশ জানিয়েছে, নিহত দ্বীন ইসলাম (৩০) কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের বাসিন্দা সফিকুল ইসলামের ছেলে।

তিনি ফেসবুক ও ইউটিউবে ‘তালাশ ক্রাইম দৃষ্টি’ নামে একটি পেজ পরিচালনা করতেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ২০ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল দ্বীন ইসলামকে তার বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে বেধড়ক মারধর করা হয়। 

গুরুতর আহত অবস্থায় তাকে বুড়ি নদী পার করে কুমিল্লার বাঙ্গরা থানার গাঙ্গেরকুট এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা জানান, খবর পেয়ে কসবা থানা পুলিশ বাঙ্গরা থানার সিদ্ধিরগঞ্জ ফাঁড়ি পুলিশের সহায়তায় বিকেলে তাকে উদ্ধার করে। 

পরে দ্বীন ইসলামকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের অভিযোগ, মাদকবিরোধী ভিডিও প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে একটি প্রভাবশালী চক্র পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। 

তারা স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. আবদুল আওয়াল ও তার সহযোগীদের এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেন।

তবে এই অভিযোগ অস্বীকার করে আবদুল আওয়াল বলেন, এ ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। একটি চক্র তাকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন তিনি। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা বলেন, গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে ঘটনাটি ঘটতে পারে। 

মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।